জেন-জি'র ঘর সাজাবেন যেভাবে
এক সময় কিশোরদের ঘর মানেই ছিলো বিছানা, পড়ার টেবিল আর বইয়ের তাক। জেন-জি প্রজন্মের জীবনযাত্রায় সেই চিত্র বদলে গেছে। পড়াশোনার পাশাপাশি গেমিং, প্রোগ্রামিং, ভিডিও তৈরি, গান শোনা কিংবা আঁকাআঁকি—সবকিছুরই জায়গা এখন তাদের ঘরে। তাই কিশোরের ঘর সাজাতে হলে শুধু সৌন্দর্য নয়, তার দৈনন্দিন কাজ ও ব্যক্তিগত পছন্দকেও গুরুত্ব দিতে হবে।
ঘর হোক ‘মাল্টি ফাংশনাল’
জেন-জি’দের ঘরে একই জায়গায় পড়াশোনা, কাজ, বিনোদন ও বিশ্রামের সুযোগ থাকা দরকার। একটি ব্যবহার উপযোগী ডেস্ক, আরামদায়ক চেয়ার এবং প্রয়োজনীয় স্টোরেজ ঘরকে আরও কার্যকর করে তুলতে পারে।
গেমিং ও পড়াশোনার আলাদা সুবিধা
ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের জন্য নির্দিষ্ট জায়গা রাখা ভালো। ডেস্কে পর্যাপ্ত আলো, বৈদ্যুতিক সংযোগ এবং তার গোছানোর ব্যবস্থা থাকলে পড়াশোনা ও গেমিং—দুই কাজই স্বাচ্ছন্দ্যে করা যায়।
নিজের পছন্দের রং
ঘরের রং বাছাইয়ে কিশোরের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। প্রিয় গেম, খেলাধুলা, সংগীত বা অন্য কোনো আগ্রহের বিষয়কে কেন্দ্র করে দেয়ালে থিমভিত্তিক রং বা সাজসজ্জা রাখা যেতে পারে। তবে সাদা, বেজের মতো নিরপেক্ষ রং ব্যবহার করলে ঘর দীর্ঘদিন আধুনিক দেখায়।
জায়গার সর্বোচ্চ ব্যবহার
ছোটো ঘরে দেয়ালের তাক, বিছানার নিচের স্টোরেজ কিংবা বহুমুখী আসবাব বেশ কার্যকর। বইয়ের পাশাপাশি গেমিং সরঞ্জাম বা শখের উপকরণ রাখার জন্য ক্যাবিনেট ব্যবহার করা যায়।
আলোয় থাকুক বৈচিত্র্য
পড়াশোনার জন্য পর্যাপ্ত আলো জরুরি। পাশাপাশি ঘরের আবহ তৈরিতে নরম আলো ব্যবহার করা যেতে পারে। তবে আলো যেনো চোখের ওপর অতিরিক্ত চাপ না ফেলে, সেদিকেও খেয়াল রাখা দরকার।
সব মিলিয়ে জেন-জি’দের ঘর হওয়া উচিত তার জীবনযাপন ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। পড়াশোনা থেকে গেমিং, সৃজনশীলতা থেকে বিশ্রাম—সবকিছুর জন্য স্বস্তিদায়ক জায়গা থাকলেই ঘর হয়ে উঠবে সত্যিকারের নিজের জগৎ।
/শান্ত/
