ট্রাম্পের বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সিএনএন, পলিটিকো ও এমএস নাও। সংবাদমাধ্যম তিনটির দাবি, তাদের সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ফেডারেল আদালতে করা মামলায় নিষেধাজ্ঞা স্থগিত এবং তা কার্যকর করা থেকে প্রশাসনের কর্মকর্তাদের বিরত রাখার আবেদন জানানো হয়েছে। তিন প্রতিষ্ঠান জানিয়েছে, কোনো নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের সাংবাদিকদের প্রেস পরিচয়পত্র নিষ্ক্রিয় করা হয়েছে।
গত শুক্রবার ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা দেন। এসব সংবাদমাধ্যমকে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন তিনি। শনিবার প্রতিষ্ঠান তিনটির সাংবাদিকদের হোয়াইট হাউসে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদের প্রেস ব্যাজও নিষ্ক্রিয় করা হয়।
হোয়াইট হাউস বলেছে, সেখানে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কোনো অধিকার নয়, বরং বিশেষ সুযোগ। অন্যদিকে মামলাকারী প্রতিষ্ঠানগুলো বলছে, সরকারের কর্মকাণ্ড নিয়ে স্বাধীনভাবে সংবাদ প্রকাশের কারণে কোনো গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা উচিত নয়।
নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। সিএনএনকে পুলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বাকি নেটওয়ার্কগুলোও সোমবার পুল কাভারেজ স্থগিত করে।
/শান্ত/
