যে শর্ত মানলে হরমুজ খুলবে ইরান
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটন কূটনৈতিকভাবে সংকট সমাধানের আগ্রহ আনুষ্ঠানিকভাবে জানালে সংঘাতের স্থায়ী অবসান নিয়ে নতুন করে আলোচনা শুরু করা যেতে পারে। ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে রয়েছে। তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ পরিবহন হয়। ফলে প্রণালিটি পুনরায় চালুর সম্ভাবনার খবরে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
/শান্ত/
