জামায়াতের লং মার্চ থামাতে শাহবাজের শরীফের ফোন
পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ‘সুপার ট্রেন’ মার্চ মুলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফেজ নাঈম উর রেহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জামায়াতের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পাকিস্তানে ফিরে না আসা পর্যন্ত ইসলামাবাদ অভিমুখী চলমান ট্রেন মার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। বিষয়টি জানিয়েছে করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের মুখপাত্র জানান, শাহবাজ শরিফ পাকিস্তানে ফিরে আসার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করেছেন।
জবাবে হাফেজ নাঈম প্রধানমন্ত্রীকে বলেন, দলটির কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর বা সরকারের সঙ্গে সংঘাতের কোনো ইচ্ছা নেই। তবে সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরতেই জামায়াত রাজপথে নেমেছে এবং সরকারের উচিত তাদের প্রতিবাদের অধিকারকে সম্মান করা।
জামায়াতের আমির জানান, লংমার্চ স্থগিত করার প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দেওয়ার আগে দলটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শূরা’র সঙ্গে পরামর্শ করবে।
সরকারের অনুরোধে লংমার্চ স্থগিত করা হলেও দলটি প্রতিবাদের অধিকার ছেড়ে দেবে না বলেও জানান তিনি।
//রুশা//
