আমিরাতে ভিজিট ভিসা নিয়মে পরিবর্তন, সম্পর্ক ভেদে বেতনের শর্ত
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী প্রবাসীদের জন্য স্বজন ও বন্ধুদের ভিজিট ভিসায় আনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, রেসিডেন্স ভিসাধারীরা কাউকে স্পন্সর করতে চাইলে তাঁদের নির্দিষ্ট অঙ্কের ন্যূনতম মাসিক বেতন থাকতে হবে। তবে স্পন্সরের সঙ্গে সফরকারীর সম্পর্কের ঘনিষ্ঠতা যতো বেশি হবে, বেতনের শর্ত ততো শিথিল থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশিত গাইডলাইনে বলা হয়েছে, বাবা-মা, স্বামী বা স্ত্রী এবং ছেলেমেয়ের মতো ফার্স্ট ডিগ্রি বা সবচেয়ে নিকটাত্মীয়দের নিয়ে আসতে স্পন্সরের মাসিক আয় হতে হবে অন্তত ৪ হাজার দিরহাম। আর ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি, নাতি-নাতনি এবং চাচা, মামা, ফুফু, খালা ও ফুপাতো-খালাতো ভাইবোনের মতো স্বজনদের ক্ষেত্রে প্রবাসীর ন্যূনতম মাসিক বেতন ৮ হাজার দিরহাম থাকা বাধ্যতামূলক।
এদিকে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, এমন বন্ধুদের ভিজিট ভিসায় আনতে চাইলে স্পন্সরকে অনেক বেশি আয়ের শর্ত পূরণ করতে হবে। বন্ধুকে স্পন্সর করার ক্ষেত্রে ওই প্রবাসীর মাসিক বেতন হতে হবে কমপক্ষে ১৫ হাজার দিরহাম।
এতে আরও উল্লেখ করা হয়েছে, আবেদনের সময় স্পন্সর ও ভ্রমণকারীর মধ্যকার সম্পর্কের আইনি সনদ জমা দিতে হবে। প্রমাণ হিসেবে সরকারের সত্যায়িত জন্মসনদ, বিবাহ সনদ বা এই ধরনের বৈধ কাগজপত্র দাখিল করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। দুবাই প্রবাসীদের জন্য জিডিআরএফএ এবং অন্যান্য প্রবাসীদের ক্ষেত্রে আইসিপির ওয়েবসাইটে তথ্যগুলো পাওয়া যাবে।
//আইই//
