পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা এলাকার একটি চেকপোস্টে এই হামলা চালানো হয়।
হামলার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর একটি বিবৃতি দিয়ে টিটিপি এই ঘটনার দায় স্বীকার করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মোগল কোট ও দারাজিন্দার কাছে ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে এই হামলা চালানো হয়। বিস্ফোরণের ধরন খতিয়ে দেখতে এবং তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়।
পাকিস্তানের উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, দু'জন নারী ও একটি শিশু রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য ও শুল্ক বিভাগের কর্মীর পাশাপাশি দু'জন বেসামরিক নাগরিকও রয়েছেন। আহত ২০ জনকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও উদ্ধারকর্মীরা জানান।
//আইই//
