যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়ালো বাংলাদেশের পোশাক রপ্তানি
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে যুক্তরাজ্যে ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিলো ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার।
জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিলো। তবে আগস্টে দুই অঙ্কের প্রবৃদ্ধির ফলে দুই মাসের সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানির মাসিক গড় আয় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলার। গত অর্থবছরে এই বাজার থেকে মোট ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার আয় হয়েছিলো, যার মাসিক গড় ছিলো ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসের মাসিক গড় প্রায় ২৫ শতাংশ বেশি।
এ সময়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে গত অর্থবছরের পুরো বছরের আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে। তৈরি পোশাকের অন্যতম প্রধান এই বাজারে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকলে তা সামগ্রিক পোশাক রপ্তানিতেও প্রভাব ফেলতে পারে।
/শান্ত/
