দেশের সব হাট-বাজারের জন্য সরকারের জরুরি নির্দেশনা
সংগৃহীত ছবি
দেশের প্রতিটি উপজেলার সব হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই ব্যবস্থা চালুর পাশাপাশি উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহের কথা বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর এই নির্দেশনা জারি করা হয়। দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
দাপ্তরিক ভবনের পাশাপাশি হাট ও বাজারের স্থায়ী শেড এবং এলজিইডির চার-পাঁচতলা ভবনের ছাদে ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌর প্যানেল বসাতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে দিতে হবে। নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে, যা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়াতে সহায়তা করবে। হাট ও বাজারের ইজারালব্ধ আয়ের নির্ধারিত অংশ থেকে এই ব্যয় মেটানোর কথা বলা হয়েছে। এর মধ্যে রক্ষণাবেক্ষণ খাতের ১০ শতাংশ এবং উপজেলাধীন হাট-বাজার উন্নয়নের ১০ শতাংশ অর্থ সৌর বিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণে ব্যবহার করা যাবে।
সৌর প্যানেল বসানো কোম্পানির সঙ্গে আগামী ২০ বছরের জন্য মেরামত ও রক্ষণাবেক্ষণ চুক্তি করতে হবে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনা বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণ সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
//আইই//
