ঢাকা-সিলেট ৬ লেনের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সংগৃহীত ছবি
আগামী ২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়ব দৃশ্যমান হবে বলে জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সড়ক ও রেল যোগাযোগ, ব্যবসা সহজীকরণ এবং শিল্প উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সেই সঙ্গে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত বিদ্যমান সড়কটি নতুন চার লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে ড্রোন, ফেস রিকগনিশন ও ইনফ্রারেড প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে পুরো নগরী। এ ছাড়া তরুণদের দক্ষ করে তুলতে সিলেটে একটি আন্তর্জাতিক মানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
//আইই//
