রোহিঙ্গা গণহত্যা মামলার রায় নভেম্বরে
সংগৃহীত ছবি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত জেনোসাইডের অভিযোগে দায়ের করা মামলার রায় আগামী অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা এ. জালো।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার বিচারমন্ত্রী সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালানোর পর ২০১৯ সালে ওআইসির সদস্য দেশ হিসেবে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারিতে এই মামলার মূল শুনানি শেষ হয়েছে বলে জানান তিনি।
বিচারমন্ত্রী দাউদা এ. জালো জানান, মামলায় অপরাধ প্রমাণ করতে আদালতে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ দাখিল করেছে গাম্বিয়া। তিনি বলেন, "মিয়ানমারের বিরুদ্ধে আমরা যে প্রমাণ উপস্থাপন করেছি, তার পরিমাণ অনেক। রোহিঙ্গা ভুক্তভোগীদের আন্তর্জাতিক আদালতে হাজির করে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ছবি, প্রতিবেদন ও এনজিও'র রিপোর্টসহ নানা ধরনের প্রমাণ সংগ্রহ করে আদালতের সামনে পেশ করা হয়েছে।"
রায়ে মিয়ানমারকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন গাম্বিয়ার এই মন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, নাগরিকত্বের স্বীকৃতি এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার নির্দেশনা আসবে বলে প্রত্যাশা তাদের। আদালত রায় না মানলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপে এই রায়কে আইনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে বলেও জানান তিনি।
//আইই//
