মালয়েশিয়ায় বাড়তে পারে ন্যূনতম মজুরি, সুবিধা পাবেন বাংলাদেশিরাও
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে নতুন মজুরির হার ও কার্যকরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ২০২৭ সালের বাজেট ঘোষণার সময় এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির বলেন, ন্যূনতম মজুরি বাড়ানোর ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর বাড়তি ব্যয়ের প্রভাবও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ন্যূনতম মজুরি বাড়ানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, উৎপাদনশীলতা ও কোম্পানির আয় বাড়লে শ্রমিকদেরও উচ্চ মজুরির মাধ্যমে এর সুফল পাওয়া উচিত।
বর্তমানে মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত। এই নিয়ম বাংলাদেশসহ অন্যান্য দেশের যোগ্য বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে মজুরি বাড়লে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরাও এর সুবিধা পাবেন।
তবে ২ হাজার রিঙ্গিতের চেয়েও বেশি মজুরি দাবি করেছে মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি)। সংগঠনটি ২০২৭ সালের বাজেটে ন্যূনতম মজুরি ৩ হাজার ১০০ রিঙ্গিত করার দাবি জানিয়েছে।
এদিকে মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন (এফএমএম) জানিয়েছে, ১ হাজার ৭০০ থেকে ৩ হাজার ১০০ রিঙ্গিতে একবারে বাড়ালে ব্যবসা ও শ্রমবাজারে বড় ধরনের ব্যয়ের চাপ তৈরি হতে পারে। সংগঠনটি মজুরি বৃদ্ধির সঙ্গে উৎপাদনশীলতা, ব্যবসার সক্ষমতা ও কর্মসংস্থানের বিষয়গুলো বিবেচনার আহ্বান জানিয়েছে।
/শান্ত/
