বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিশেষায়িত কিছু ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শূন্য শতাংশ অ্যাড ভ্যালোরেম শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ মোট ২০টি দেশ এই সুবিধার আওতায় থাকছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশ অনুযায়ী, বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক চিকিৎসা, জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস বা এডিসি এবং পশু চিকিৎসার ওষুধ এই শূন্য শুল্কের আওতায় থাকবে। এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও সুবিধাটি পাবে।
বাংলাদেশের পাশাপাশি তালিকায় রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশ।
গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিক্যাল পণ্য ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। তবে জেনেরিক ওষুধ ও সংশ্লিষ্ট উপাদান এই শুল্কের আওতায় পড়বে না বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ রপ্তানিতে অতিরিক্ত শুল্কের চাপ থাকছে না।
//রুশা//
