বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে ইসরাইলের সতর্কবার্তা
ধর্মীয় ছুটির মৌসুম সামনে রেখে বাংলাদেশসহ কয়েকটি দেশে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরাইল। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রেখেছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ।
রবিবার (৬ সেপ্টেম্বর) জরুরি ভ্রমণ নির্দেশনায় এসব দেশে সফর থেকে বিরত থাকতে ইসরাইলিদের পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ও ইসরাইলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
ইসরাইলের নিরাপত্তা পরিষদের দাবি, বিশ্বজুড়ে ইসরাইলি ও ইহুদিদের ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি উস্কানিমূলক প্রচারণা এবং সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।
এ ছাড়া আল-কায়েদা ও আইএস ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় ‘লোন উলফ’ বা একক হামলার জন্য প্রকাশ্যে উস্কানি দিচ্ছে বলে সতর্ক করেছে ইসরাইল। সোমালিল্যান্ডসহ বিভিন্ন এলাকায় ইসরাইলিদের বিরুদ্ধে অবস্থান নিতে হুতিদের প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে।
ভৌগোলিক নৈকট্যের কারণে তুরস্ক, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতকে ইরানি অপতৎপরতার উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। আর জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিশরকে ‘লেভেল ৪’ বা সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দেশে যাতায়াত এবং টার্মিনালের বাইরে যাত্রাবিরতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরাইলি আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের জন্য ইরাক (কুর্দিস্তানসহ), ইয়েমেন, ইরান, সিরিয়া ও লেবাননে ভ্রমণ নিষিদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া ও আলজেরিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ।
