কবে আসছে ডেঙ্গু টিকা 'কিউডেঙ্গা'?
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে অনুমোদন পেয়েছে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা 'কিউডেঙ্গা'। প্রয়োজনীয় স্থানীয় আইনি প্রক্রিয়া শেষ হলে ২০২৭ সালের প্রথমার্ধেই দেশটির বাজারে বেসরকারিভাবে এই টিকা পাওয়া যেতে পারে। ৪ থেকে ৬০ বছর বয়সী শিশু ও প্রাপ্তবয়স্করা এই টিকা গ্রহণ করতে পারবেন।
টিকা'র প্রচার ও বিতরণের দায়িত্ব পালন করতে ভারতের অন্যতম প্রধান ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড. রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে চুক্তি করেছে জাপানি নির্মাতা তাকেদা। ৪ ধরনের ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই জীবিত কিন্তু দুর্বল করা ভাইরাসভিত্তিক টিকাটি দুই ডোজে দিতে হবে। প্রথম ডোজ নেওয়ার ৩ মাস পর দিতে হবে দ্বিতীয় ডোজ। এই টিকা নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন কি না, তা পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই।
পরীক্ষামূলক প্রয়োগের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ডোজ নেওয়ার এক বছর পর নিশ্চিত ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে কিউডেঙ্গার কার্যকারিতা ছিলো ৮০ দশমিক ২ শতাংশ। এছাড়া দ্বিতীয় ডোজের ১৮ মাস পর ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই টিকা ৯০ দশমিক ৪ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিয়েছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে ৪৩টি দেশে কিউডেঙ্গা অনুমোদন পেয়েছে। ৩ কোটি ২০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
উৎপাদক প্রতিষ্ঠান জানিয়েছে, ভারতের জন্য দীর্ঘমেয়াদি সরবরাহের পাশাপাশি বিশ্বজুড়ে টিকা'র চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে বছরে ১০ কোটি ডোজ তৈরির সক্ষমতা গড়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
//আইই//
