এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী'র ৭ দিনের রিমান্ড আবেদন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এই তথ্য জানান।
মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ রবিবার রাতে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন। এতে গাজী নজরুল ও মাকছুদা ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে।
এর আগে রবিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার তদন্ত ও আসামিদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
/শান্ত/
