সেই কিশোরের জামিন নাকচ
বিচারক বললেন, ‘শিশুদের জন্য পজিটিভ মেসেজ যাবে’
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মিমকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় আটক ১৭ বছরের কিশোরের জামিন নাকচ করেছেন আদালত। আদালতের পর্যবেক্ষণ, দ্রুত জামিন পেলে সমাজে নেতিবাচক বার্তা যেতে পারে এবং শিশু-কিশোরদের জন্য ভুল বার্তা তৈরি হতে পারে।
রোববার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন বলেন, ‘এটা একটা চাঞ্চল্যকর মামলা। গত ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান নামে এক যুবক গুলশান এলাকায় রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এই কিশোর বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাকে চাপা দেয়। মর্মান্তিক ঘটনা। তার ড্রাইভিং লাইসেন্স নেই।’
অন্যদিকে কিশোরের আইনজীবী গোলাম মোস্তফা খান বলেন, ‘তার বিরুদ্ধে একটায় কথা, সে চালকের সাথে ছিলো। এ ছাড়া আর কিছু নেই। মামলার রায়ে তার সাজা হতো বা অর্থদণ্ড হতো। আমরা বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের সঙ্গে আমরা আপস করে তাদের পাসে দাঁড়িয়েছি। সে কারণে তারা আজ আদালতে আসছে।’
জামিনের বিষয়ে বিচারক বলেন, ‘এই পর্যায়ে জামিন হলে কী ম্যাসেজ যাবে? পজিটিভ অর নেগেটিভ?’
পরে বিচারক বলেন, ‘সে যদি এখনি জামিন পায়, তাহলে সমাজে ম্যাসেজ যাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর পরও জামিন পাওয়া যায়।’
গত ২২ সেপ্টেম্বর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফুটপাতে গাড়িচাপায় মেহেদী নিহত হন। পরে ২৩ সেপ্টেম্বর তার ভাই গুলশান থানায় মামলা করেন।
//আরএস//
