কবর থেকে তোলা হলো সেলিম খান ও শান্ত খানের মরদেহ
আইনি প্রক্রিয়া ও তদন্তের স্বার্থে মৃত্যুর ২৬ মাস পর চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ দু'টি তোলা হয়।
সকাল ৮টায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়ার উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই তাঁদের দাফন করা হয়েছিলো। ঘটনার পর পুলিশের করা মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই আদালত এই নির্দেশ দেন।
দীর্ঘ সময় পর কবর থেকে মরদেহ উত্তোলন প্রসঙ্গে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আল দীন জানান, "অনেক সময় মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়ার স্বার্থে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এ ক্ষেত্রে শরীরে মাংসপেশি না থাকলেও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত হয়ে থাকে।"
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা ও বাগড়া বাজার এলাকায় গণপিটুনিতে নিহত হন সেলিম খান ও শান্ত খান। সে সময় পরিস্থিতি বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিলো এবং গ্রামের বাড়িতে তাঁদের দাফন করা হয়। নিহত সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ছিলেন। তাঁর ছেলে শান্ত খানও একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
//আইই//
