প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিকে ধরা পড়লেন ৬ প্রার্থী
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১:০০:২৯
ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে প্রক্সি প্রার্থীর সাহায্যে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসা ৬ প্রার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে অফিস সহকারী পদের মৌখিক পরীক্ষা চলার সময় তাদের আটক করা হয়। গভীর রাতে ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে প্রিলিমিনারি পরীক্ষা গত ১১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা গত ১৫ মে অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছিল। এই সময় কয়েকজন প্রার্থীর হাতের লেখা ও মেধা যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়ে। খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলমের তত্ত্বাবধানে পুলিশ ওই ৬ প্রার্থীকে শাহবাগ থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ওই ৬ প্রার্থী দোষ স্বীকার করেন।
আটক ৬ প্রার্থী হলেন, মো. রবিউল, মো. আসাদুজ্জামান খান, মো. রাকিব হাসান, মো. রাকিবুল হাসান, মো. শুভ মিয়া ও মো. সবুজ ইসলাম।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৬ জনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
