কেন ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিকে সতর্ক হতে হবে
মাথাব্যথা, শরীর ব্যথা বা জ্বর হলেই নিজের মতো করে ব্যথানাশক খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবনে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।
সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনের তুলনায় বেশি বা দীর্ঘদিন নন-স্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগস (এনএসএআইডি) ব্যবহার করলে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। যাদের আগে থেকেই কিডনির সমস্যা, পানিশূন্যতা বা হৃদরোগ রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে। তাই ব্যথানাশক ব্যবহারে সবচেয়ে কম কার্যকর মাত্রা এবং প্রয়োজনীয় স্বল্পতম সময় বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সাধারণ সর্দি-জ্বরসহ বেশিরভাগ ভাইরাস সংক্রমণে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। অপ্রয়োজনে এসব ওষুধ সেবনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়তে পারে।
সিডিএসসিও চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়া, অন্যের ওষুধ ব্যবহার না করা এবং নিজের সিদ্ধান্তে ওষুধের মাত্রা বা মেয়াদ পরিবর্তন না করার পরামর্শ দিয়েছে। ফার্মাসিস্ট ও খুচরা বিক্রেতাদেরও প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট ওষুধ বিক্রি না করার নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
/শান্ত/
