ঢামেকে ২ হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজতির মৃত্যু হয়েছে। তারা হলেন, মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮) ।
ইফতেখার মাহমুদ রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকার মাহবুব আলমের ছেলে। তিনি কারাগারে হাজতি (নং- ২৯৬৯২/২৬) হিসেবে বন্দি ছিলেন। তোফাজ্জল হোসাইন পলাশ দারুস সালাম থানার বাঘবাড়ী এলাকার আলী হোসেনের ছেলে। তিনি হাজতি (নং- ৪৫৬৫/এ) হিসেবে কারাভোগ করছিলেন।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, গত ১৯ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইফতেখার মাহমুদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
তোফাজ্জল হোসাইন বুধবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অচেতন হয়ে যান । রাত সাড়ে ১০টার দিকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ২ হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং কারা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
//ইমরান//
