জামাই হয়েই শ্বশুরবাড়ির ছেলে, পদবি আর সম্পত্তির উত্তরাধিকার! জাপানের এই প্রথা জানেন?
বিয়ের পর শুধু জামাই নয়, এবার পরিবারের ছেলেও! এমনকি শ্বশুরবাড়ির পদবি, ব্যবসা ও উত্তরাধিকারও পেতে পারেন একজন জামাই। অবাক করা হলেও জাপানে দীর্ঘদিন ধরে চলে আসছে এমন এক সামাজিক ও আইনি প্রথা। নাম ‘মুকোয়োশি’—সহজ বাংলায় বলা যায় ‘দত্তক ঘরজামাই’।
জাপানে প্রাপ্তবয়স্ক পুরুষকে দত্তক নেওয়ার এই রীতি বেশ পরিচিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মোট দত্তকের ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক পুরুষকে নিয়ে। সাধারণত ছেলে না থাকলে কিংবা নিজের সন্তানকে ব্যবসার উত্তরসূরি হিসেবে উপযুক্ত মনে না হলে পরিবারগুলো এই পথ বেছে নেয়।
মেয়ের স্বামীকে দত্তক নেওয়া হলে তিনি শ্বশুরবাড়ির পদবি গ্রহণ করতে পারেন। একই সঙ্গে পরিবারের ব্যবসা, সম্পদ ও উত্তরাধিকারেও তার অধিকার তৈরি হয়। এর মাধ্যমে পারিবারিক পদবি ও ব্যবসার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করা হয়।
জাপানের ব্যবসায়িক ইতিহাসেও ‘মুকোয়োশি’র উদাহরণ রয়েছে। সুজুকি মোটর করপোরেশন, নিনটেনডো, কিক্কোমান ও টয়োটার মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন সময়ে এমন উত্তরাধিকার ব্যবস্থার সম্পর্ক দেখা গেছে। সুজুকির দীর্ঘদিনের প্রধান ওসামু সুজুকিও ছিলেন এই প্রথায় পরিবারে আসা একজন দত্তক ঘরজামাই।
প্রশ্ন হলো, বাংলাদেশিরাও কি হতে পারেন ‘মুকোয়োশি’? প্রতিবেদন অনুযায়ী, জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি থাকা বিদেশিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রাপ্তবয়স্ক হিসেবে দত্তক হতে পারেন। তবে দত্তক হলেই জাপানের নাগরিকত্ব বা ভিসা পাওয়া যায় না।
//আরএস//
