প্রসবের পর ভয়-আতঙ্ক, পিটিএসডিতে ভুগছেন অনেক মা
সন্তান জন্মের মুহূর্তটি একজন মায়ের জীবনের সবচেয়ে আনন্দের সময় হওয়ার কথা। কিন্তু কারও জন্য সেই মুহূর্তই হয়ে উঠতে পারে ভয়, আতঙ্ক আর মানসিক যন্ত্রণার কারণ। কঠিন বা কষ্টদায়ক প্রসবের অভিজ্ঞতার পর অনেক মায়ের স্মৃতিতে সেই সময় বারবার ফিরে আসে, তৈরি হয় তীব্র অস্বস্তি ও ভয়। সন্তান জন্মের পরও থেকে যেতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি)।
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, প্রতি ২০ জন নতুন মায়ের মধ্যে একজন সন্তান জন্মদানের পর পিটিএসডিতে আক্রান্ত হন। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক মা তাদের মানসিক সমস্যার কথা প্রকাশ করেন না এবং বিষয়টিকে মাতৃত্বের স্বাভাবিক অংশ মনে করেন।
প্রসব পরবর্তী পিটিএসডির লক্ষণ কী?
প্রসবের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি বারবার ফিরে আসা, দুঃস্বপ্ন, তীব্র উদ্বেগ ও আতঙ্ক দেখা দিতে পারে। অনেক মা চিকিৎসা এড়িয়ে চলেন। কেউ কেউ সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কায় তাকে অন্য কারও কাছে রাখতে চান না। শিশুর সামান্য উপসর্গকেও গুরুতর স্বাস্থ্য সমস্যা মনে হতে পারে।
সব কঠিন প্রসবের অভিজ্ঞতাই পিটিএসডির কারণ নয়। গর্ভাবস্থা বা প্রসবের সময় তীব্র ভয়, অসহায়ত্ব বা মানসিক আঘাতের অনুভূতি যদি দৈনন্দিন জীবন, ঘুম কিংবা শিশুর যত্নে ব্যাঘাত ঘটায়, তাহলে বিষয়টি উপেক্ষা না করে স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে কথা বলা জরুরি।
//রুশা//
