ভ্রমণে যাওয়ার আগে যা করবেন
ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার আনন্দই আলাদা। তবে শুধু গন্তব্য ও থাকার জায়গা ঠিক করলেই ভ্রমণের প্রস্তুতি শেষ হয় না। একটি ভ্রমণকে স্বস্তিদায়ক ও আনন্দময় করতে প্রয়োজন কিছুটা আগাম পরিকল্পনা এবং সচেতনতা। কারণ সামান্য অসতর্কতাও নষ্ট করে দিতে পারে পুরো ভ্রমণের আনন্দ।
‘যদি লাগে’ ভেবে ব্যাগ ভারী করবেন না
‘যদি লাগে’—এই চিন্তায় অতিরিক্ত পোশাক, জুতা কিংবা নানা জিনিস ব্যাগে ভরে ফেলেন অনেকেই। এতে লাগেজ ভারী হওয়ার পাশাপাশি দীর্ঘ যাত্রায় হাঁটাচলা, বাস, ট্রেন বা বিমানে ওঠানামায় অস্বস্তি বাড়ে। তাই প্রয়োজনীয় জিনিসের তালিকা করে যতটা সম্ভব হালকা ব্যাগে ভ্রমণ করাই ভালো।
কম জায়গা, বেশি আনন্দ
একদিনে অনেকগুলো জায়গা ঘুরে দেখার পরিকল্পনাও সব সময় আনন্দের হয় না। চার-পাঁচটি স্পট দ্রুত ঘুরতে গিয়ে কোনো জায়গাই ভালোভাবে উপভোগ করা সম্ভব হয় না। তাই গন্তব্যের গুরুত্ব বিবেচনায় সীমিত স্থান বেছে নিয়ে সূচিতে কিছুটা অবসর রাখুন। এতে ক্লান্তিও কমবে, ভ্রমণের আনন্দও বাড়বে।
আবহাওয়া ও নথিপত্রে আগাম প্রস্তুতি
ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে প্রয়োজনীয় পোশাক, ছাতা বা অন্য সামগ্রী সঙ্গে নেওয়া জরুরি। পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসাসহ গুরুত্বপূর্ণ নথির কাগজ ও ডিজিটাল কপি আলাদা জায়গায় সংরক্ষণ করাও নিরাপদ।
খাবার ও বিশ্রামে সতর্কতা
নতুন জায়গায় স্থানীয় খাবার খাওয়ার আগ্রহ থাকলেও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি ও বিশ্রামের দিকেও নজর দিন। দীর্ঘ সময় গাড়ি চালানোর ক্ষেত্রে বিরতি নেওয়া জরুরি। শরীর ভালো না থাকলে ভ্রমণের আনন্দও মাটি হয়ে যেতে পারে।
প্রযুক্তির পাশাপাশি রাখুন ব্যাকআপ
প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভর না করে সঙ্গে পাওয়ার ব্যাংক, অফলাইন ম্যাপ ও প্রয়োজনীয় যোগাযোগের তথ্য রাখুন। পাহাড়ি বা প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ও ব্যাটারি—দুটিই সমস্যায় ফেলতে পারে। তাই আগে থেকেই বিকল্প ব্যবস্থা রাখা বুদ্ধিমানের কাজ।
/শান্ত/
