টাঙ্গুয়ার হাওর নয়, ঢাকার কাছেই হাউজবোটের আমেজ
দূরে কোথাও যাওয়ার সময় নেই, অথচ নদীর বুকে হাউজবোটের আমেজ নিতে চান? লম্বা ছুটিরও প্রয়োজন নেই। ঢাকার কাছেই শীতলক্ষ্যার বুকে ভেসে কয়েক ঘণ্টার জন্য উপভোগ করা যাবে সূর্যাস্ত, চাঁদের আলো আর নদীর সৌন্দর্য। সঙ্গে থাকছে খাবার ও আড্ডার আয়োজন। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজনের নাম ‘ঢাকা ডিনার ক্রুজ’।
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস ও গ্রিন হলিডেজের যৌথ ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় চলছে এই আয়োজন। নদী পর্যটনের সুযোগ তৈরি ও নদী সংরক্ষণে সচেতনতা বাড়ানোই এর অন্যতম লক্ষ্য।
ক্রুজে ২০ থেকে ৫০০ জন ধারণক্ষমতার বিভিন্ন আকারের জাহাজ রয়েছে। থাকছে নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত কর্মী, আনলিমিটেড চা-কফি এবং খাবারের সুবিধা। জন্মদিন, পিকনিক, কনফারেন্স কিংবা কর্পোরেট আয়োজনও করা যাবে।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডে ক্রুজের জনপ্রতি খরচ ৩ হাজার টাকা। এতে নাশতা, দুপুরের খাবার, রূপশী জামদানি পল্লী ও মুড়াপাড়া জমিদারবাড়ি ভ্রমণ থাকছে।
আর বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ডিনার ক্রুজের খরচ ২ হাজার ৫০০ টাকা। এতে বিকেলের নাশতা, বারবিকিউ ডিনার ও সূর্যাস্ত দেখার সুযোগ থাকছে।
চাইলে দুই দিন এক রাতের রিভার এক্সপিডিশনেও যাওয়া যাবে। শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, মেঘনা ও পদ্মা—এই পাঁচ নদী ঘুরে দেখার সুযোগ রয়েছে।
//আরএস//
