কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা, ১ কর্মকর্তাকে বদলি
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক–ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা এক আদেশে ওই কর্মকর্তাকে বদলি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে বুধবার বিকেলের মধ্যে নতুন কর্মস্থল ঝিনাইদহের বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
আবদুল্লাহ আল মামুনের জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ রওশন কবীরকে বদলি ও পদায়ন করা হয়েছে।
কুড়িগ্রামে চলতি মৌসুমে সার সরবরাহ ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন এলাকায় সার না পাওয়া, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিতরণের ব্যবস্থা নিয়ে অভিযোগ ওঠে। এসব ঘটনায় কৃষকদের ভোগান্তির পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ব্যবস্থা নেওয়া হয়।
// ইমরান//
