‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভাইরাল, এবার হলেন শ্রেষ্ঠ শিক্ষক
‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে হাঁটার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগরের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জের ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল গত ২৩ জুলাই নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
একপর্যায়ে ভিডিওটির প্রতিবাদে একই গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা ভিডিও প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিক্ষক, লেখক ও সাংবাদিকদের অনেকে বিউটি রাণীর পাশে দাঁড়ান।
/শান্ত/
