৪ ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা যে ভাসমান হাটে
ভোরের আলো ফোটার আগেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে জড়ো হতে শুরু করে সারি সারি নৌকা। কোনো নৌকায় শাকসবজি, কোনো নৌকায় কৃষিপণ্য, আবার কোনোটি হয়ে ওঠে ভাসমান দোকান। নৌকা থেকে নৌকায় চলে দরদাম, বেচাকেনা। কয়েক ঘণ্টার জন্য নদীর বুকেই জমে ওঠে ব্যতিক্রমী এক বাজার।
নাজিরপুরের বৈঠাকাটায় সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান হাট। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। স্থানীয় কৃষকদের পাশাপাশি নাজিরপুর, নেছারাবাদ ও বরিশালের বানারীপাড়ার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা নৌকায় করে নিয়ে আসেন শাকসবজি, চারা, ফলসহ বিভিন্ন কৃষিপণ্য।
হাটের ব্যবসায়ীদের দাবি, প্রতি হাটে প্রায় কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। তরমুজের মৌসুমে বেচাকেনা বেড়ে দেড় থেকে দুই কোটি টাকা পর্যন্ত হয়। পাইকাররা নৌকা ও ট্রলারে করে এসব পণ্য কিনে দেশের বিভিন্ন এলাকার বাজারে নিয়ে যান।
হাটে শুধু কৃষিপণ্য নয়, পাওয়া যায় শ্যাওলা, সবজির চারা, মিষ্টি পানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। ভৌগোলিক কারণে নৌকাই এখানকার প্রধান যাতায়াতের মাধ্যম হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েই নৌকায় করে হাটে আসেন।
নদীর ওপর নৌকাকেন্দ্রিক এই ব্যতিক্রমী বাজারব্যবস্থার কারণে বৈঠাকাটা স্থানীয়দের কাছে ‘বাংলার ভেনিস’ নামে পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকরাও এ হাট দেখতে আসেন।
স্থানীয়দের দাবি, যোগাযোগব্যবস্থা ও আবাসন সুবিধা উন্নত করা গেলে এই এলাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
/শান্ত/
