৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় সোমবার দিবাগত রাত ৩টা থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চালু হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।
কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিলো। স্বাভাবিক সময়ে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯ জেলায় সরবরাহ করা হয়।
উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন জানান, বর্তমানে গ্যাসের যে চাপ পাওয়া যাচ্ছে, তাতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত হতে পারে।
দীর্ঘদিন পর উৎপাদন শুরু হওয়ায় কারখানার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।
/শান্ত/
