‘অস্ত্র হাতে’ ভাইরাল সেই বুলেট শিবলু গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়ার ভিডিও ছড়িয়ে পড়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলার আসামি তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে শিবলুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রাম নগরের ষোলশহরে শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় শিবলু ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। ওই মামলায় ৯৫ জনের নাম রয়েছে।
এছাড়া আনোয়ারায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তিনি ১ নম্বর আসামি। ঢাকায় কর্মরত এক পুলিশ সদস্যকে মারধর, মুঠোফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
/শান্ত/
