রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন, অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে বেশ কিছু সরকারি নথিপত্রও । সব নথির ডিজিটাল ব্যাকআপ থাকায় এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আবুল হাশেম বলেন, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) পুরনো কার্যালয়ে আগুন লাগে। এই খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ভাগ্যবশত, এই ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনায় ২ দিন ধরে বিদ্যুৎকেন্দ্রের ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্টেশন অফিসার জানান, অফিসের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কারণ অনুসন্ধানে রূপপুর কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় বেশ কয়েকবার এখানকার অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলো।
