গোয়ালঘরে মিললো ককটেলের মতো ৩ বস্তু
যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলের মতো ৩ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া পূর্বপাড়া গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির পাশের একটি আধাপাকা গোয়ালঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গরু বের করার সময় গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পান বাড়ির লোকজন। ব্যাগ খুলে লাল কসটেপে মোড়ানো তিনটি ককটেলের মতো বস্তু দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
পরে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করেন। এগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/শান্ত/
