রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের পর প্রত্যাহার গৌরীপুরের এসিল্যান্ড
দায়িত্ব নেওয়ার ২০ দিনের মাথায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে প্রত্যাহার করা হয়েছে। প্রথমে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেন নিয়ামত উল্ল্যা। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য ও পোস্ট কর্তৃপক্ষের নজরে আসার পর তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কী অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
/শান্ত/
