পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে আগুনের তথ্য বের হবে: রাশেদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি হঠকারী বিরোধী দল এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী দল—এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে।
তিনি বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা।’
রাশেদ খাঁনের দাবি, ‘দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে।’ তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দল বা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ সময় ১১ দলীয় জোটের কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ১১ দলীয় জোট আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকারের উদ্যোগে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না বলেও দাবি করেন তিনি।
//রুশা//
