জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাত মাসে দুইবার জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
মঞ্জু বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত ও আমদানি-পরিবহন ব্যয় বাড়ার বাস্তবতা রয়েছে। তবে এসব চাপ একসঙ্গে জনগণের ওপর না চাপিয়ে ধাপে ধাপে মূল্য সমন্বয় করা যেতো।
তিনি বলেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ডিজেলের দাম বাড়ায় কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনের ব্যয় বাড়বে। এর প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়তে পারে।
/শান্ত/
