আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা হলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের ইন্ধনেই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে বলেও দাবি করেন তিনি।
সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘৭১-এর ঘাতকরা’ ও ‘২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এবার সংসদে বিরোধী দল হয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা ও সহযোগিতা করতে পারে। কিন্তু জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।
জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
//রুশা//
