জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরিচয় ও তথ্য যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বাকি ২৪ জনের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই চলছে। তাদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৭৮ জনকে আটক করে পুলিশ। ডিএমপি জানিয়েছিলো, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতির সন্দেহে তাদের আটক করা হয় এবং পরে পরিচয় যাচাই শুরু হয়।
পুলিশ জানিয়েছে, জাসদ নেতাদের কাছ থেকে পাওয়া নেতাকর্মীদের তালিকা ও অন্যান্য কাগজপত্র যাচাই করে ২৫৪ জনের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
/শান্ত/
