উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী: ভোটার এলাকা বদলের নেপথ্যে কী?
একজন গেলেন দক্ষিণে, আরেকজন উত্তরে, এনসিপির দুই শীর্ষ নেতার এমন বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তন ঘিরে এখন জোর রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কি বড় কোনো নির্বাচনি ছক কষছে দলটি।
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হয়েছেন। বিপরীতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে হয়েছেন ঢাকা উত্তরের আফতাবনগর এলাকার ভোটার।
এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসনের উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। ইসির নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পর যাচাই-বাছাই শেষে তার আবেদন অনুমোদন করা হয়।
ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন আসিফ মাহমুদ।
এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে সোমবার বিকালে গণমাধ্যকে বলেন, দুই সিটিতে আমরা এনসিপি’র জয় চাই। এই দুই এলাকা থেকে তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। সেই পরিপ্রেক্ষিতেই তারা নির্বাচনি এলাকা পরিবর্তন করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদেরের মন্তব্যেও তৈরি হয়েছে নতুন আলোচনা। তিনি লিখেছেন, শুনলাম নাসীর ভাই নাকি ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতেছে! এক্ষেত্রে জামায়াত থেকে তার প্রতিদ্বন্দ্বী হবেন সাদিক কায়েম। এখন পাটওয়ারী যদি একটু করে তার কামানের গোলাটা জামাতের দিকে ঘুরিয়ে দেন; তাহলে এতোদিন যারা তারে তালি দিছেন, তারা এবার গালি দেবেন?
অন্য পোস্টে আসিফ মাহমুদকে নিয়ে আব্দুল কাদের লেখেন, আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন। এই সিদ্ধান্তটা সুইটেবল। তার যে ধরনের ক্যারেক্টার, চিন্তাভাবনা; সেটার সঙ্গে ঢাকা উত্তরের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনার ভাইভ ম্যাচ করবে। আশা করছি, ভালো কম্বিনেশন হবে।
//রুশা//
