ডাকসু থেকে জিন্নাহ’র ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে দ্রুত মুহাম্মদ আলী জিন্নাহ’র ছবি অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা এই দাবি জানান। এই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামি করছে। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন করে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে ভূলুণ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই। ডাকসুকে কলঙ্কিত করা হয়েছে জিন্নাহর ছবি টানানোর মধ্য দিয়ে। দ্রুততম সময়ের মধ্যে এই ছবি অপসারণ করতে হবে।
// ইমরান//
