এশিয়ান গেমসের আগে ব্যাটে-বলে প্রস্তুতি সারলেন সাইফ-মুস্তাফিজরা
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের লড়াইয়ে নামার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে টিম 'এ'। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবারে অনুষ্ঠিত ম্যাচে টিম 'বি'কে ১১ রানে হারিয়েছে তারা। সাইফ হাসানের ঝোড়ো ফিফটিতে আগে ব্যাট করে ১৬৬ রান সংগ্রহ করে ছিলো টিম 'এ'। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের লড়াকু ইনিংসের পরও ৭ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি টিম 'বি'।
শের-ই বাংলা স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরুতেই বিদায় নেন সৌম্য সরকার। তিনি ১৮ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর নাঈম শেখের সঙ্গে জুটি বেঁধে ৩৮ বলে ৬৭ রান তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ২২ বলে ৪৬ রানের দারুণ ইনিংস খেলেন এই অলরাউন্ডার। অন্যদিকে নাঈম শেখ ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় করেন ৪০ রান। শেষ দিকে নুরুল হাসান সোহান ২০ বলে ২৯ রান করলেও সাব্বির রহমান ১ ও শামীম পাটোয়ারী ২ রানে বিদায় নেন।
এর আগে প্রথম ইনিংসে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬৬ রানের সংগ্রহ গড়ে ছিলো টিম 'এ'। রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাসুম আহমেদদের বোলিং সামলে ৫২ বলে ৭৭ রান সংগ্রহ করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন সাইফ। তাঁর ইনিংসে ছিলো ২টি চার ও ৬টি ছক্কার মার। অপর ওপেনার তানজিদ হাসান তামিম ১৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৪ রান জানান দেন। তবে অধিনায়ক লিটন কুমার দাস ৩ বল খেলে রানের খাতা খুলতে ব্যর্থ হন। এছাড়া তাওহিদ হৃদয় ১৩ ও পারভেজ হোসেন ইমন ২৪ রান করেন। টিম 'বি'র হয়ে রিপন মন্ডল ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন।
বল হাতে দারুণ বোলিং দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৩ ওভারের স্পেলে ১১টি ডট বলসহ মাত্র ১৫ রান খরচ করে ৩টি উইকেট নেন এই বাঁহাতি পেসার। আগামী ২৯ অক্টোবর এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।
//আইই//
