লিটনের চোখে সোনার স্বপ্ন
১৬ বছর ধরে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদকের অপেক্ষায় বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার স্বর্ণ জয়ের পর ২০১৪ ও ২০২৩ আসরে আর শীর্ষে উঠতে পারেনি দল। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চান অধিনায়ক লিটন কুমার দাস।
আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশের পুরুষ ক্রিকেটের অভিযান শুরু হবে আগামী মঙ্গলবার। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নির্ধারণ হবে ‘বি’ গ্রুপের ফলের পর। ওই গ্রুপে খেলবে ওমান, হংকং ও মালয়েশিয়া।
টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ। মিরপুরে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পূর্ণ শক্তির দল। লিটন জানিয়েছেন, প্রস্তুতি ভালো হয়েছে এবং দলের খেলোয়াড়েরা টুর্নামেন্টটি নিয়ে রোমাঞ্চিত।
লিটন বলেন, লক্ষ্য থাকবে ফাইনালে ওঠা এবং ভালো কিছু করা। তার মতে, এশিয়ান গেমসে স্বর্ণপদকের বিষয়টি আলাদা গুরুত্ব বহন করে।
এবারই প্রথম এশিয়ান গেমসে খেলবেন লিটন, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসানরা। লিটনের প্রত্যাশা, বিরল এই সুযোগকে কাজে লাগিয়ে স্বর্ণপদকের স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ।
/শান্ত/
