অস্ট্রেলিয়া'র বিপক্ষে ম্যাচের একাদশ সাজালেন আনচেলত্তি
সংগৃহীত ছবি
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়া'র বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচের জন্য নিজেদের শুরুর একাদশ চূড়ান্ত করেছেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। টাউনসভিলে আয়োজিত সংবাদ সম্মেলনে একাদশ নিশ্চিত করেন তিনি।
ঘোষিত একাদশে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছেন হুগো সুজা। রক্ষণভাগে খেলবেন মাথেউসিনিও, মার্কিনিওস, ভিতর রেইস ও ডগলাস সান্তোস। মিডফিল্ডের দায়িত্ব থাকছে দানিলো ও ব্রুনো গিমারেসের কাঁধে। আর আক্রমণভাগে একসঙ্গে সুযোগ পেয়েছেন এস্তেভাও, রাফিনিয়া, এনদ্রিক এবং ভিনিসিয়ুস জুনিয়র। আনচেলত্তির অধীনে মূল একাদশে এস্তেভাওয়ের এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে।
বিশ্বকাপের পরের সময়টা কঠিন ছিলো জানিয়ে কোচ কার্লো আনচেলত্তি জানান, দল গোছানোর মতো পর্যাপ্ত সময় না পেলেও তারা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। তিনি বলেন, "সময়টা বেশ দীর্ঘ এবং কঠিন ছিলো, কারণ বিশ্বকাপের পর দল গুছিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমরা পাইনি। তবে এখন মনে হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। আমাদের দলে এখন বেশ কিছু নতুন মুখ ও নতুন তরুণ খেলোয়াড় রয়েছে।"
শুরু থেকে কাজ করার ধারণাটি নাকচ করে আনচেলত্তি জানান, আগের কাজের ভিত্তির ওপর দাঁড়িয়েই দল এগিয়ে চলেছে। তাঁর ভাষ্য, "এমন নয় যে আমরা নতুন কোনো প্রজেক্ট শুরু করেছি। প্রায় এক বছর আগে থেকে আমরা যে কাজ করে আসছিলাম, তারই ধারাবাহিকতা ধরে রেখে আরেকটু উন্নতির চেষ্টা করছি মাত্র। আমাদের দলটা বেশ ভালো এবং বেশ কিছু প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে।"
অস্ট্রেলিয়া'র মাটিতে এই ম্যাচগুলোকে তরুণদের অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, "অস্ট্রেলিয়া'র মাটিতে খেলতে যাওয়া এই ম্যাচগুলো আমাদের তরুণ ফুটবলারদের জন্য বড় একটি সুযোগ। এদের অনেকেই আগে খুব বেশি খেলার সুযোগ পায়নি, তাই এবার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও ম্যাচ-টাইম জমিয়ে নেওয়ার ভালো সুযোগ থাকছে তাঁদের সামনে।" ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া'র পর ভারতের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
//আইই//
