৪১ বছর বয়সে গোল, নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙলেন মদ্রিচ
সংগৃহীত ছবি
উয়েফা নেশনস লিগে চেকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই ম্যাচে গোল করে ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার নিজের রেকর্ডই নতুন করে লিখেছেন তারকা ফুটবলার লুকা মদ্রিচ। ম্যাচের ৪৭ মিনিটে দূরপাল্লার শটে দলের প্রথম গোলটি করেন তিনি।
৪১ বছর ১৭ দিন বয়সে গোল করে এই নজির গড়েন মদ্রিচ। ম্যাচের কয়েক ঘণ্টা আগেও জ্বরের কারণে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা ছিলো তাঁর। এমনকি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে মাঠে নামেন এই মিডফিল্ডার।
এর আগে ২০২৪ সালের জুনে ইউরোয় ইতালির বিপক্ষে ৩৮ বছর ২৮৯ দিন বয়সে গোল করে দেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হয়েছিলেন মদ্রিচ। সেটি ছিলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসেও সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড। মদ্রিচের আগে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বয়স্ক গোলদাতা ছিলেন নিকো কোভাচ। ২০০৮ সালের সেপ্টেম্বরে কাজাখস্তানের বিপক্ষে ৩৬ বছর ১০ মাস ২২ দিন বয়সে গোল করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২৬ ফিফা বিশ্বকাপে ৩৭ বছর ৫ মাস ১ দিন বয়সে গোল করে পেরিশিচ এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসেন।
চেকিয়ার বিপক্ষে ম্যাচে মদ্রিচের গোলের পর চেকিয়াকে সমতায় ফেরান আদাম কারাবেক। তবে শেষ পর্যন্ত মার্কো পাশালিচ জয়সূচক গোলটি করলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়াটরা।
নেশনস লিগের পরবর্তী ম্যাচে আগামী ২৯ সেপ্টেম্বর সেভিয়ায় স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।
//আইই//
