লিড নিয়েও হারলো বাংলাদেশ নারী হকি দল
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী হকি দল। রবিবার (২৭ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-র ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে এই পরাজয় হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরুটা সুবিধাজনক ছিলো না বাংলাদেশের। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। ফলে এক-শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে দল। তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতায় ফেরে তারা। এরপর ২৪তম মিনিটে কনা নিজের ও দলের দ্বিতীয় গোল করলে লিড পায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচে সমতা ফেরায় চাইনিজ তাইপে। ৪৫তম মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওয়াং ইউ-চিউ। এরপর চতুর্থ কোয়ার্টারে নিজের দ্বিতীয় গোল করে চাইনিজ তাইপেকে জয়সূচক লিড এনে দেন হুয়াং ইউ-টিং। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে না পেরে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এবারের এশিয়ান গেমস নারী হকিতে এটি বাংলাদেশের পঞ্চম ম্যাচ ছিলো। আসরের প্রথম ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে হেরেছিলো দল। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৩-১, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে হেরে যায় তারা। চতুর্থ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট সংগ্রহ করেছিলো বাংলাদেশ।
সবমিলিয়ে গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে বাংলাদেশ। মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।
//আইই//
