আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ কখন, দেখবেন কীভাবে
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ ২১ বছরের পথচলার অবসান হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচে মাঠে নামবেন তিনি। এই ম্যাচ ঘিরে ইতোমধ্যে আর্জেন্টিনায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। অধিনায়ককে রাজকীয় সম্মাননা দিতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সর্বোচ্চ চেষ্টা শুরু করছে।
মেসির এই বিদায়ী ম্যাচটি নিয়ে বাংলাদেশে থাকা সমর্থকদের মধ্যেও আগ্রহের কমতি নেই। তবে দেশের আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, বাংলাদেশ কিংবা দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো টিভি চ্যানেল এই ঐতিহাসিক ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি।
দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে ম্যাচটি দেখার বিকল্প ব্যবস্থা রয়েছে। ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫ (ZEE5), ইউনিট৮ স্পোর্টস-১ এবং ইউনিট৮ স্পোর্টস-১ এইচডি-তে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। এই প্ল্যাটফর্মগুলোতে খেলা দেখতে হলে কতো টাকা সাবস্ক্রিপশন ফি দিতে হবে, তা নির্ধারণ করা রয়েছে। এই অঞ্চল থেকে বৈধভাবে খেলা দেখার এটিই একমাত্র উপায়।
এছাড়া অনেকে আন-অফিশিয়ালি বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটে খেলা দেখে থাকেন। স্পোর্টসপাই, ক্রীড়াটিভি, ফুটইএম কিংবা সকারটিভিএইচডির মতো অ্যাপ বা ওয়েবসাইটে খেলা দেখার সুযোগ থাকতে পারে, কিন্তু এসব ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি সেখানে সরাসরি সম্প্রচার করবে তেইসে স্পোর্তস এবং তাদের অনলাইন প্ল্যাটফর্ম তেইসে স্পোর্তস প্লে।
//আইই//
