গোলকিপার করলেন ২ গোল, ডাচ লিগে বিরল কীর্তি
গোল করা গোলকিপারের জন্য নতুন কিছু নয়। তবে এক ম্যাচে ২ গোল করার ঘটনা বিরল। নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগ এরেডিভিসি-তে এবার সেই কীর্তিই গড়েছেন টেলস্টারের গোলকিপার রোনাল্ড কোমেন জুনিয়র।
ডাচ কিংবদন্তি রোনাল্ড কোমেনের ছেলে ৩১ বছর বয়সী এই গোলকিপার এসসি কামবুরের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ২ গোল করেছেন। দু'টিই এসেছে পেনাল্টি থেকে। এর মধ্য দিয়ে এরেডিভিসি'র ইতিহাসে এক ম্যাচে দুই গোল করা প্রথম গোলকিপার হয়েছেন কোয়েমান জুনিয়র।
ম্যাচে শুরু থেকেই চাপে ছিলো টেলস্টার। ২২ মিনিটেই একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তারা। বিরতির পর ১৫ মিনিটের মধ্যে ২ গোল হজম করে আরও পিছিয়ে পড়ে টেলস্টার।
এরপরই ত্রাতা হয়ে আসেন কোমেন জুনিয়র। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান তিনি। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও গোলের জন্য মরিয়া ছিল টেলস্টার। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ১১তম মিনিটে আরেকটি পেনাল্টি পায় তারা। এবারও স্পটকিক নিতে এগিয়ে আসেন গোলকিপার কোমেন। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে ২-২ সমতায় ফেরান তিনি।
ম্যাচ শেষে কমেন জানান, টেলস্টারের পেনাল্টি নেওয়ার তালিকায় তিনিই এক নম্বরে। প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করলেও তাতে তিনি বিচলিত হননি।
কোমেনের গোল করার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। গত মৌসুমের শেষ ম্যাচে এফসি ভোলেনডামের বিপক্ষেও ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। সেই গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে অবনমন এড়িয়েছিলো টেলস্টার।
