হংকংকে ৬-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জার পুল চ্যাম্পিয়ন বাংলাদেশ
সংগৃহীত ছবি
জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। হংকংকে ৬-০ গোলে উড়িয়ে চ্যালেঞ্জার পুলের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।
চীনের ইনার মঙ্গোলিয়া'র মোকি ট্রেনিং গ্রাউন্ডে শেষ গ্রুপ ম্যাচে শুরু থেকেই হংকংকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচের প্রথম গোলটি করেন অধিনায়ক শারিকা রিমন। এরপর আইরিন রিয়া ও মোসাম্মত রিমা জোড়া গোল করেন। অন্য গোলটি আসে কনা আক্তারের স্টিক থেকে।
বাংলাদেশের ৬ গোলের প্রথমটি আসে পেনাল্টি কর্নার থেকে, বাকি ৫টি ফিল্ড গোল। ম্যাচসেরাও হয়েছেন কনা আক্তার।
চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর হংকংকেও হারিয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। চ্যালেঞ্জার পুলে অপরাজিত থেকেই শীর্ষস্থান নিশ্চিত করেছে তাঁরা।
১০ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলের শীর্ষ ৩ দল ও এলিট পুলের ৫ দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ ছাড়া চ্যালেঞ্জার পুল থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে কাজাখস্তান ও পাকিস্তান।
