স্পেনে আরও এক ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি
সংগৃহীত ছবি
বার্সেলোনায় কাটানো ক্যারিয়ারের সোনালি অধ্যায় পেছনে ফেলে ২০২১ সালে স্পেন ছাড়েন লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেললেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো অটুট। এবার দেশটির আরেকটি ক্লাবের মালিকানায় যুক্ত হতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। ইএসপিএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। ক্লাবটির আর্থিক ও আইনি বিষয় যাচাইয়ের পর প্রয়োজন হবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের অনুমোদন।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে স্পেনে মেসি'র মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুই। চলতি বছরই পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন তিনি। কর্নেয়া আধা পেশাদার দল হওয়ায় এলদেনসে হবে স্পেনে মেসি'র মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ গ্রুপো টিএইচ'র মালিকানাধীন। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও এই গ্রুপের মালিকানাধীন ক্লাব রয়েছে। স্প্যানিশ ফুটবলের নিচের স্তরেই দীর্ঘ সময় কাটিয়েছে এলদেনসে।
১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে স্পেনের দ্বিতীয় বিভাগে উঠেছিল ক্লাবটি। ২ মৌসুম পর আবার অবনমিত হয়। তবে এবারের গ্রীষ্মে ফের দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয় তারা।
ফিরে এসেই অবশ্য কঠিন সময় পার করছে এলদেনসে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি দলটি। এরই মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে নতুন কোচ ছাড়াই চলছে ক্লাবের কার্যক্রম।
ইন্টার মায়ামিতে মেসি'র সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানার সঙ্গেও আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী মেসি।
