কোরিয়ার বিপক্ষে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের
ছয় মাস আগে নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিলো বাংলাদেশ। এবার এশিয়ান গেমসে আবারও সেই প্রতিপক্ষের সামনে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা। তবে আগের মতো সহজে হারতে নারাজ পিটার বাটলারের দল। শক্তিশালী কোরিয়ার বিপক্ষে ইতিবাচক ফুটবল খেলাই বাংলাদেশের লক্ষ্য।
ওসাকার নাগাই স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ১১তম, বাংলাদেশ ১০৭তম। শক্তির এই ব্যবধান মেনে নিয়েই ফলের চেয়ে নিজেদের পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন বাটলার।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি মেয়েদের দক্ষতা ও বুদ্ধি যাচাইয়ের বড় সুযোগ। প্রতিপক্ষের এক-দুজন খেলোয়াড়কে আলাদাভাবে আটকানোর বদলে পুরো দলকে নিয়েই পরিকল্পনা সাজানোর কথা জানান তিনি।
/শান্ত/
