জার্মানির দল ঘোষণায় ক্লপের বড় চমক
জার্মানি'র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম দল ঘোষণাতেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশনস লিগের ৪ ম্যাচ সামনে রেখে ৪৫ খেলোয়াড়কে দু'টি আলাদা স্কোয়াডে ভাগ করেছেন নতুন কোচ। প্রতিটি স্কোয়াডে থাকছেন দু'টি ম্যাচের জন্য নির্বাচিত খেলোয়াড়েরা।
সাধারণত জাতীয় দলের ক্ষেত্রে একটি স্কোয়াড ঘোষণা করা হলেও এবার সেই পথে হাঁটেননি ক্লপ। দুই সপ্তাহের মধ্যে ৪টি ম্যাচ খেলতে হবে জার্মানিকে। এই ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ কমানোর পাশাপাশি বেশি সংখ্যক ফুটবলারকে কাছ থেকে পরখ করতেই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন তিনি।
ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে ক্লপ স্পষ্ট করে দিয়েছেন, দু'টি স্কোয়াডের একটিকে ‘এ’ এবং অন্যটিকে ‘বি’ দল হিসেবে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা কোনো এ বা বি দল তৈরি করিনি। আমরা ৪টি ম্যাচই জিততে চাই।’
ক্লপের অধীনে জার্মানির প্রথম পরীক্ষা ২৪ সেপ্টেম্বর। আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নতুন কোচের অধ্যায়। ৩ দিন পর ২৭ সেপ্টেম্বর ঘরের মাঠে গ্রিসের মুখোমুখি হবে জার্মানি। এরপর দ্বিতীয় স্কোয়াড নিয়ে ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে খেলবে দলটি।
দু'টি স্কোয়াড সাজানোর ক্ষেত্রেও নির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন ক্লপ। পজিশন, খেলোয়াড়দের বৈশিষ্ট্য, অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য রেখে দল নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নেওয়ার সুযোগ তৈরি করাও তাঁর অন্যতম লক্ষ্য।
ক্লপ বলেন, ‘মূল কারণ হলো, আমাদের দুই সপ্তাহে ৪টি ম্যাচ খেলতে হবে, যা জাতীয় দলের জন্য খুবই অস্বাভাবিক।’
দু'টি স্কোয়াডে ভাগ করা হলেও গোলরক্ষক ফিন দাহমেনকে রাখা হয়েছে উভয় দলেই। এছাড়া প্রথম স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে পরের সপ্তাহেও দলের সঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জার্মান কোচ।
ক্লপের ঘোষিত প্রথম দুই স্কোয়াডে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে খেলা জার্মানির ১৬ জন ফুটবলার রয়েছেন। নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন ১১ জন। দীর্ঘ ১৫ মাস পর দলে ফিরেছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
তবে ক্লপের প্রথম ঘোষণায় জায়গা হয়নি লেরয় সানে ও ডেনিস উনদাভের। নতুন কোচের অধীনে নেশনস লিগের ৪ ম্যাচে জার্মানি কীভাবে একাদশ ও স্কোয়াড ব্যবস্থাপনা করে, সেটিই এখন দেখার বিষয়।
//আইই//
