টালমাটাল পাকিস্তান ক্রিকেট, রিজওয়ানের ফোন ঘিরে নতুন মোড়
সংগৃহীত ছবি
মোবাইল ফোন জব্দ ও ফরেনসিক পরীক্ষার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অ্যান্টি-করাপশন ইউনিটের (আকসু) কাছে ব্যাখ্যা চেয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তাঁর ফোন নিয়ে যাওয়ার পর বিষয়টি আকসু'র নজরে এনেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
রিজওয়ান জানতে চেয়েছেন, তাঁর ফোন জব্দ ও পরে পাকিস্তানে নিয়ে ফরেনসিক পরীক্ষা করার বিষয়ে আইসিসি এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবগত ছিলো কি না। তবে এ ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেননি তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এনসিসিআইএ'র নেওয়া পদক্ষেপ আইসিসি'র দুর্নীতিবিরোধী বিধিমালা অনুযায়ী হয়েছে কি না, মূলত সে বিষয়েই ব্যাখ্যা চেয়েছেন এই ক্রিকেটার।
ঘটনার সূত্রপাত ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টের পর। ম্যাচ শেষে নিরাপত্তাকর্মীরা রিজওয়ানের মোবাইল ফোন হেফাজতে নেন। কয়েক ঘণ্টার মধ্যে ফোনটি ফেরত দেওয়ার কথা জানানো হলেও শেষ পর্যন্ত তা আর দেওয়া হয়নি। পরে ফোনটি ইংল্যান্ড থেকে পাকিস্তানে নিয়ে যায় এনসিসিআইএ এবং সেটির ফরেনসিক পরীক্ষা করা হয়।
ফোন জব্দের পাশাপাশি এনসিসিআইএ'র পক্ষ থেকে রিজওয়ানকে একটি নোটিশও দেওয়া হয়। ওই নোটিশে অনলাইন বাজি ও জুয়া-সংক্রান্ত তদন্তের কথা উল্লেখ করা হয়েছে। তবে রিজওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ জানানো হয়নি বলে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে। নোটিশের জবাব লিখিতভাবে দিয়েছেন তিনি। ফোনটি এখনো ফেরত না দেওয়ার কারণও জানতে চেয়েছেন।
এর আগে এনসিসিআইএ'র নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে রিট করেছিলেন রিজওয়ান। শুনানিতে তাঁর আইনজীবী কাজী উমাইর আলী দাবি করেন, লর্ডস টেস্টের পর হোটেলের লবিতে রিজওয়ানকে ডেকে আনুষ্ঠানিক নোটিশ ছাড়াই জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানেই তাঁর ফোন নিয়ে নেওয়া হয়।
আইনজীবীর ভাষ্য, ফোনটি ৩ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কোনো ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে বিষয়টি আইসিসি'র আকসুর আওতায় আসার কথা বলেও আদালতে যুক্তি দেন তিনি। কিন্তু রিজওয়ানের বিষয়ে আকসু'র কাছে কোনো অভিযোগ বা তথ্য পাঠানো হয়নি বলে দাবি করেন আইনজীবী।
শুনানির সময় প্রয়োজনীয় নথি আদালতে উপস্থাপন করতে না পারায় রিজওয়ানের আইনজীবীর ওপর অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি আলিয়া নীলম। পরে রিজওয়ানের রিট আবেদন খারিজ করে দেন আদালত।
ইংল্যান্ড সফরে পাকিস্তান ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দেশটির ক্রিকেটারদের ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে আসে। এর পর খেলোয়াড়দের নিয়ে তদন্ত শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।
//আইই//
